Header Ads Widget

Responsive Advertisement

ভিক্ষুক সেজে চোর ধরল পুলিশ, উদ্ধার ২১ লাখ টাকা

ভিক্ষুক সেজে চোর ধরল পুলিশ, উদ্ধার ২১ লাখ টাকা


ময়মনসিংহের মুক্তাগাছায় বসতঘরের তালা কেটে ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় ভিক্ষুক সেজে অভিযান চালিয়ে দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন-মুক্তাগাছার বিরাশি মধ্যপাড়া এলাকার সৌরভ মিয়া ও জনি।
বুধবার ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এবং চুরি যাওয়া ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ব্যবসায়ী আশরাফুল আলম জমি কেনার জন্য ৩৫ লাখ টাকা বাড়ির স্টিলের ট্যাংকে রাখেন। ওই সময় তার বাবা সৌদি আরবে থাকায় বাড়িতে তার মা হাসিনা বেগম একা ছিলেন। গত ১ এপ্রিল সন্ধ্যায় তিনি প্রতিবেশীর বাড়িতে গেলে সুযোগ বুঝে চোরচক্র ঘরের তালা কেটে ট্যাংক ভেঙে টাকা চুরি করে পালিয়ে যায়। ঘটনার পর মুক্তাগাছা থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে পুলিশ। পরে ভিক্ষুক সেজে কৌশলগত অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুর থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যানুযায়ী শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা এবং ময়মনসিংহের চরকুষ্টিয়া এলাকা থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, গ্রেফতাররা পেশাদার চোর ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী পরিবারকে ফেরত দেওয়া হবে এবং আসামিদের আদালতে পাঠানো হবে।

সুত্রঃ জুগান্তার

Post a Comment

0 Comments