স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেপ্তার
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাসেল মাহমুদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন রাসেল মাহমুদ। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম সাকের বলেন, পুলিশ সুপারের নির্দেশে রাসেলকে গ্রেপ্তার করে রাঙ্গামাটিতে পাঠিয়েছি।
তিনি একটি মামলার সন্ধিগ্ধ আসামি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে শনিবার বিকেলে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন। ভিডিওতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, সমালোচনা করতে গিয়ে অতিরঞ্জিত ভাষা ব্যবহার করেছি।
ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকব।
ক্ষমা চেয়ে দেওয়া ওই পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য ও ছাত্রদলের কর্মী বলে দাবি করেন। ভিডিও বক্তব্যেও তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করেন।
বাঙ্গালহালিয়া ছাত্রদলের সভাপতি জুনায়েদ বলেন, রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এ ছাড়া তার বাবা রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, গ্রেপ্তার রাসেল মাহমুদ রাঙ্গামাটি সদরের আরেকটি মামলার আসামি। তাই তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
সুত্রঃ কালেরকণ্ঠ
0 Comments